হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১৮ ঘণ্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, আট মাস বয়সী ইব্রাহিম ও পাঁচ মাস বয়সী আইজা। এ নিয়ে জেলায় চার শিশুর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো।
শনিবার (৪ এপ্রিল) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান , শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আট মাস বয়সী ইব্রাহিম নামে এক শিশুর মৃত্যু হয়। তার মধ্যে হাম ও নিউমোনিয়ার উপসর্গ ছিল। সে শুক্রবার বিকেলে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। ইব্রাহিম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে।
একইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আইজা নামের পাঁচ মাস ২০ দিন বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়।সে গত চার দিন ধরে হাসপাতালে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। আইজা কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের মেয়ে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ২০ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩২০ জন রোগীর হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন ভর্তি রয়েছে।
আই/এ