বিনোদন

‘রামায়ণ’-এর টিজারেই বাজিমাত, ইতিহাস গড়ার অপেক্ষায় বলিউড

চার হাজার কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত বলিউডের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’—প্রথম ঝলক প্রকাশের পর থেকেই তৈরি হয়েছে তুমুল আলোড়ন। পরিচালক নীতেশ তিওয়ারির এই উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট শুরু থেকেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিল, আর ঝলক প্রকাশের পর সেই আগ্রহ যেন আরও বেড়ে গেছে।

এই ঝলকে কোনো সংলাপ নেই, তবুও আবেগের ঘনত্ব একটুও কম নয়। শুধু পটভূমির সুর আর দৃষ্টিনন্দন দৃশ্যপ্রভাবের মাধ্যমে রামের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আর সেখানে রাম চরিত্রে রণবীর কাপুরের উপস্থিতি ইতোমধ্যেই ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।

চলচ্চিত্রটির অভিনয়শিল্পীদের তালিকাও বেশ চমকপ্রদ। সীতা চরিত্রে রয়েছেন সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ, আর লক্ষ্মণ চরিত্রে দেখা যাবে রবি দুবেকে। হনুমান হিসেবে পর্দায় আসছেন সানি দেওল, মন্দোদরী চরিত্রে কাজল আগরওয়াল এবং সূর্পণখা চরিত্রে রাকুল প্রীত সিং অভিনয় করছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অরুণ গোবিল, লারা দত্ত, ফয়সাল মালিক ও শীবা চাড্ডা।

ভারতের অন্যতম ব্যয়বহুল এই চলচ্চিত্রটি মুক্তি পাবে দুই ধাপে। প্রথম অংশ আসছে চলতি বছরের দীপাবলিতে, আর দ্বিতীয় অংশ মুক্তি পাওয়ার কথা আগামী বছরের একই সময়ে।

তবে ঝলক প্রকাশকে ঘিরে কিছু বিতর্কও দেখা দিয়েছে। মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশেষ আয়োজনের মাধ্যমে এটি প্রকাশ করা হয়, যা সামাজিক মাধ্যমে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া।

সব মিলিয়ে রামায়ণ শুধু একটি সিনেমা নয়, বরং বলিউডের জন্য এক বড় পরীক্ষা। এই বিশাল আয়োজন শেষ পর্যন্ত নতুন ইতিহাস গড়তে পারে কিনা—এখন সেটাই দেখার অপেক্ষা।

 

এসি//

 
 

এ সম্পর্কিত আরও পড়ুন