দেশজুড়ে

পাবনায় দিনমজুরকে বেঁধে কুপিয়ে হত্যা, আটক ৩

পাবনার সাঁথিয়া উপজেলায় এক দিনমজুরকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আফছার সরদার (৪৫) গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, গভীর রাতে চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে আফছার সরদারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং হাত-পা বাঁধা ছিল। পরে গুরুতর অবস্থায় তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, আগের একটি বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। আফছার সরদারের মেয়ে আমেনা খাতুন বলেন, নির্বাচনের দিন একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে তার বাবার ওপর আগে হামলা হয়েছিল। তাদের ধারণা, সেই ঘটনার সঙ্গে জড়িতরাই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এদিকে, নিহতের মা আবেদা খাতুন দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন