রাজধানী

রাজধানীতে পরিত্যক্ত ভবন থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

রাজধানীর পল্লবী এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি ১২ বোর শটগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং শটগানের দুটি খালি খোসা।

মঙ্গলবার (৩১ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ) রাতে পল্লবী থানার একটি দল সেকশন-১২ এর আলীনগর এলাকায় সাগুফতা হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালায়। ভবনের দ্বিতীয় তলার একটি পরিত্যক্ত কক্ষ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া শাখার সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি আগে লুণ্ঠিত হয়েছিল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন