হোয়াইট হাউসে ফোন দিতেই স্ক্রিনে ভেসে উঠল ‘এপস্টেইন আইল্যান্ড’
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের সুইচবোর্ডে ফোন করার পর এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন কয়েকজন সাংবাদিক। তাদের দাবি, ফোন করার সময় মোবাইলের স্ক্রিনে কলার আইডি হিসেবে ভেসে উঠেছে ‘এপস্টেইন আইল্যান্ড’ নামটি। ঘটনাটি গত বুধবার (২৫ মার্চ) ঘটে এবং তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ঘটনাটি প্রথম প্রকাশ্যে আনেন দ্য ওয়াশিংটন পোস্টের কয়েকজন সাংবাদিক।
তারা জানান, বিশেষ করে গুগলের পিক্সেল ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এই অস্বাভাবিক নামটি দেখতে পান। তবে আইফোন থেকে কল করলে এমন কিছু দেখা যায়নি; সেখানে স্বাভাবিকভাবেই শুধু ফোন নম্বরই প্রদর্শিত হয়েছে।
এদিকে, একই দিনে হোয়াইট হাউসে আয়োজন করা হয় ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ (Fostering the Future Together) শীর্ষক একটি অনুষ্ঠান। এটি আয়োজন করেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বিশ্বনেতাদের স্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে একটি বিশেষ আকর্ষণ ছিল ‘ফিগার ০৩’ নামের একটি মানবসদৃশ (হিউম্যানয়েড) রোবট। রোবটটি অতিথিদের ১১টি ভিন্ন ভাষায় অভিবাদন জানিয়ে সবার দৃষ্টি কাড়ে।
এই অনুষ্ঠানেই মেলানিয়া ট্রাম্পের পোশাকের ব্র্যান্ড সম্পর্কে জানতে ওয়াশিংটন পোস্টের ‘স্টাইল’ বিভাগ হোয়াইট হাউসের সুইচবোর্ডে যোগাযোগ করেছিল। তখনই সাংবাদিকদের কয়েকজনের ফোনে অস্বাভাবিক এই কলার আইডি ভেসে ওঠে।
বিষয়টি নিয়ে গুগলের মুখপাত্র ম্যাথিউ ফ্লেগাল জানান, এটি গুগল ম্যাপের একটি ‘ফেক এডিট’ বা ভুয়া তথ্য সংযোজনের কারণে ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, গুগলের কলার আইডি সিস্টেম সাময়িকভাবে ভুল তথ্যটি গ্রহণ করেছিল, যার ফলে ‘Epstein Island’ নামটি প্রদর্শিত হয়।
তিনি আরও জানান, ত্রুটিটি ইতোমধ্যে সংশোধন করা হয়েছে এবং যিনি এই ভুয়া তথ্যটি যুক্ত করেছিলেন, তাকে নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে পিক্সেল ফোন থেকে হোয়াইট হাউসে কল করলে আর এমন কোনো নাম দেখা যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক হোয়াইট হাউস কর্মকর্তা জানিয়েছেন, এই কলার আইডি বিভ্রাটটি সম্পূর্ণ বাহ্যিক প্রযুক্তিগত সমস্যা এবং এর সঙ্গে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ টেলিফোন বা নিরাপত্তা ব্যবস্থার কোনো সম্পর্ক নেই। ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে মূলত জেফরি এপস্টেইনকে ঘিরে পুরোনো বিতর্কের কারণে। নারী ও শিশু পাচারসহ একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত এপস্টেইনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অতীত সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে।
ক্যারিবীয় অঞ্চলের লিটল সেন্ট জেমস দ্বীপে এপস্টেইনের একটি এস্টেট ছিল, যা বহুলভাবে ‘এপস্টেইন আইল্যান্ড’ নামে পরিচিত।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ডিজিটাল ম্যাপিং সেবা গুগল ম্যাপে ভুল বা ভুয়া তথ্য যুক্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময় অভিযোগ উঠেছে—স্কুল, প্রতিষ্ঠান কিংবা ব্যাংকের হেল্পলাইন নম্বর পরিবর্তন করে দেওয়া হয়েছে, এমনকি মজার ছলে বা বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে অদ্ভুত ও মিম-ভিত্তিক নামও যোগ করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অনিয়ম ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে পারে এবং জরুরি মুহূর্তে সমস্যাও তৈরি করতে পারে।
সাম্প্রতিক ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে—জনপ্রিয় ডিজিটাল ম্যাপ ও কলার আইডি সেবাগুলোর তথ্য যাচাই ব্যবস্থা আসলে কতটা নির্ভরযোগ্য। ব্যবহারকারীরা যে তথ্য দেখছেন, তা কতটা সঠিকভাবে যাচাই করা হচ্ছে—তা নিয়েই এখন উদ্বেগ বাড়ছে।
এসি//