জাতীয়

গভীর রাতে ডিপোতে হঠাৎ উপস্থিত জ্বালানি মন্ত্রী, তেল সরবরাহে কঠোর বার্তা

গভীর রাতে হঠাৎ করেই বাঘাবাড়ী অয়েল ডিপো পরিদর্শন করেছেন বিদ্যুৎ,খনিজসম্পদ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সরাসরি মাঠে নেমে তিনি জানতে চান, তেল সরবরাহ ঠিক থাকলেও কেন বাজারে সংকটের অভিযোগ উঠছে।

শনিবার (২৭ মার্চ) দিবাগত রাতে সিরাজগঞ্জ বাঘাবাড়ি ডিপো পরিদর্শন করেন তিনি।

ডিপোর কার্যক্রম ঘুরে দেখে মন্ত্রী বলেন,“আমরা প্রতিটি ডিপোতে তেল দিচ্ছি, এখান থেকেও নিয়মিত তেল ছাড় হচ্ছে। তারপরও যদি বলা হয় তেল নেইতাহলে কোথায় সমস্যা হচ্ছে, সেটা পরিষ্কার করতে হবে।

তিনি আরও বলেন, “আমি ইনচার্জদের বলে দিয়েছিপ্রতিটি পাম্পে যেন তেল পৌঁছায়। কোথাও যেন ঘাটতি না থাকে। একটি পাম্পেও তেল না গেলে সেটি গ্রহণযোগ্য হবে না।

সরবরাহ ব্যবস্থার দুর্বলতার দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন,“তেল ডিপো থেকে বের হওয়ার পর কোথায় কী হচ্ছে, সেটি মনিটর করতে হবে। প্রয়োজনে কঠোর নজরদারি বাড়াতে হবে।

সম্ভাব্য অনিয়মের বিষয়ে তিনি আরও বলেন, “কোনো সিন্ডিকেট বা অবৈধ মজুতদারি থাকলে সেটি খুঁজে বের করতে হবে। যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেএতে কোনো ছাড় নেই।

আইনশৃঙ্খলা বাহিনীকে জ্বালানি মন্ত্রী বলেন,“আপনারা পুরো বিষয়টি খতিয়ে দেখুন। কেউ যেন ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করুন।

উল্লেখ্য, বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জ্বালানি সরবরাহ করা হয়। সরবরাহ স্বাভাবিক থাকার দাবি সত্ত্বেও মাঠে সংকটের অভিযোগ ওঠায়, বিষয়টি নিজে দেখতে এই আকস্মিক পরিদর্শনে যান মন্ত্রী।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন