বিনোদন

‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী।

ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ ‘মনের বনে দোলা লাগে’ গান দিয়ে সংগীতজগতে বিশেষ পরিচিতি পান মাহবুবা রহমান। পরে ‘আসিয়া’ সিনেমায় ‘আমার গলার হার খুলে নে ওগো ললিতে’ গান তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি। তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে—‘আমার যদি থাকত পাখির ডানা’, ‘সোনালী এই ধানের ক্ষেতে’, ‘আগে জানি না রে দয়াল’, ‘তুমি দাও দেখা দরদী’, ‘আমার বন্ধু বিনোদিয়া’সহ আরও অনেক গান।

চলচ্চিত্রের পাশাপাশি ‘জাগো হুয়া সাভেরা’, ‘এ দেশ তোমার আমার’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘সাত ভাই চম্পা’সহ ঢাকার শুরুর দিকের বহু সিনেমায় তার কণ্ঠ শোনা গেছে।

ব্যক্তিগত জীবনে মাহবুবা রহমান ১৯৫৮ সালে সাংস্কৃতিক ব্যক্তিত্ব খান আতাউর রহমানকে বিয়ে করেন। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মধ্যে রুমানা ইসলাম সংগীতাঙ্গনে পরিচিত মুখ।

দীর্ঘদিন ধরেই আড়ালে থাকা এই গুণী শিল্পীর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন