রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৫
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় আকস্মিক মিছিল বের করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টার দিকে বিটিআরসি ভবনসংলগ্ন এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল হঠাৎ মিছিল বের করে। পরে মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে টহলরত পুলিশ ধাওয়া দিলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯), মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) ও আশিক মোহাম্মদ (২৪)। তাদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী বলে জানা গেছে।
ওসি মনিরুল ইসলাম জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমএ//