ফেরিতে উঠতে গিয়ে নদীতে বাস, নিহত ২, নিখোঁজ বহু যাত্রী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও বহু যাত্রী নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুনে সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর অন্তত ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে এখনও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন।
ডুবুরি দলের সদস্যরা জানিয়েছেন, বাসটি পন্টুনের নিচে আটকে থাকায় উদ্ধারকাজে বড় ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে। বাসের দরজা ও জানালা ভাঙতে না পারায় ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না, ফলে আটকে পড়াদের উদ্ধারে সময় লাগছে।
উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রমে যুক্ত হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ঘটনাস্থলে জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন।
দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর উদ্ধার অভিযান শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিখোঁজদের স্বজনরা। তাদের অভিযোগ, দ্রুত উদ্ধার কাজ শুরু হলে হতাহতের সংখ্যা কম হতে পারত।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা গণমাধ্যমকে জানান, ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, উদ্ধারকারী ফেরি ও সংশ্লিষ্ট বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
এমএ//