রাজধানী

কর্মচাঞ্চল্যহীন ঢাকা, ঈদের পরও ফাঁকা সড়ক

ছবি: বায়ান্ন টিভি

ঈদুল ফিতরের ছুটি শেষ হলেও রাজধানী ঢাকায় এখনো পুরোপুরি স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসেনি। সড়কে যানবাহনের চাপ কম, নেই প্রতিদিনের চিরচেনা যানজট।

বুধবার (২৫ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কম। ব্যক্তিগত গাড়ি, বাস ও সিএনজির সংখ্যা সীমিত থাকায় যাত্রীরা তুলনামূলক স্বাচ্ছন্দ্যে চলাচল করছেন।

সংশ্লিষ্টদের মতে, ঈদের ছুটি শেষ হলেও আগামীকাল (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের ছুটি ও এরপর শুক্রবার-শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় অনেকেই এখনো রাজধানীতে ফেরেননি। ফলে নগরের স্বাভাবিক ব্যস্ততা ফিরে আসতে সময় লাগছে।

মতিঝিল, কারওয়ান বাজার ও আগারগাঁওসহ বিভিন্ন অফিস এলাকায় কর্মীদের উপস্থিতিও কম দেখা গেছে। অনেক প্রতিষ্ঠানে কার্যক্রম আংশিক চলছে, কোথাও কোথাও অফিস খোলা থাকলেও জনবল কম থাকায় কাজের গতি ধীর।

অন্যদিকে, সড়কে যানজট না থাকায় নগরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে। তবে সংশ্লিষ্টদের মতে, আগামী রোববারবের মধ্যে কর্মজীবী মানুষ ধীরে ধীরে রাজধানীতে ফিরে এলে আবারও পুরোনো ব্যস্ততা ও যানবাহনের চাপ ফিরে আসবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন