স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই ডাকটিকিট উন্মোচন করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান এবং এর আগে কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন।
ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাকসচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
এদিকে, ডাকটিকিট উন্মোচনের পর প্রধানমন্ত্রীর কর্মসূচিতে রয়েছে মন্ত্রিপরিষদের বৈঠক। বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এবার স্বাধীনতা ও জাতীয় দিবস বৃহস্পতিবার হওয়ায় বৈঠকটি একদিন এগিয়ে বুধবারে আয়োজন করা হয়েছে।
এসি//