রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর চকবাজার এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ মার্চ) রাতে চকবাজারের পোস্তা এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফারহান রহমান জিহাদ (১৭) ইসলামপুর মডেল স্কুলের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাইমচরে হলেও তিনি পরিবারের সঙ্গে ঢাকার ওই বাসার চতুর্থ তলায় থাকতেন।
পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার দিকে জিহাদ নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে স্বজনদের সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই বলেন, কী কারণে জিহাদ এমন সিদ্ধান্ত নিয়েছে, তা তাদের জানা নেই। তার আচরণেও আগে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়টি তদন্তে চকবাজার থানা পুলিশ কাজ শুরু করেছে।
এমএ//