রাজধানী

ছুটির শেষ দিনে ঢাকায় ফিরছেন নগরবাসী

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির শেষ দিনে কর্মমুখর ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। সোমবার (২৩ মার্চ) সকাল থেকেই রাজধানীর প্রবেশপথগুলোতে বাড়তে থাকে ফেরার চাপ।

কমলাপুর রেলওয়ে স্টেশন, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় রাজধানীমুখী মানুষের ভিড়। ঈদের আগে ১৭ মার্চ থেকে ধীরে ধীরে ফাঁকা হয়ে যাওয়া ঢাকায় এখন আবার প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সরকারি-বেসরকারি অফিস খুলে যাওয়ার কারণে অনেকেই একদিন আগেই ফিরছেন। শেষ মুহূর্তের ভিড় ও যানজট এড়াতে আগেভাগে ঢাকায় ফেরা তুলনামূলক স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন অনেকে।

তবে রেলযাত্রায় ভোগান্তির অভিযোগ রয়েছে। কমলাপুর স্টেশনে আসা অনেক যাত্রী জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছাচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় শিশু ও বয়স্কদের নিয়ে সমস্যায় পড়তে হয়েছে।

সড়কপথে বাসে যাত্রীচাপ থাকলেও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল থেকে যাত্রীর চাপ আরও বাড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত ট্রিপ চালু রাখা হয়েছে।

সদরঘাটে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোতেও যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। তবে আবহাওয়া ভালো থাকায় নৌপথের যাত্রা নির্বিঘ্ন হয়েছে।

অন্যদিকে, যারা ঈদের সময় বাড়ি যেতে পারেননি, তারা এখন ছুটি পেয়ে ঢাকার বাইরে যাচ্ছেন। অনেকেই যানজট এড়াতে রেলপথ বেছে নিচ্ছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন