নীলসাগর এক্সপ্রেস উদ্ধার কাজ শুরু, সহকারী স্টেশন মাস্টার বরখাস্ত
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতর ঘটনায় শতাধিক ট্রেনযাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে লাইনচ্যুত বগি উদ্ধারে রিলিফ ট্রেন কাজ শুরু করেছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় দুর্ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। সান্তাহার রেলওয়ে জংশনের ইনচার্জ খাদিজা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার ফলে রেললাইনের প্রায় ৫৮০ ফুট অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জায়গায় রেলের স্লিপার ভেঙে চুরমার হয়ে গেছে এবং লাইনের পাতগুলো দুমড়ে-মুচড়ে গেছে। লাইন ও বগির চাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক যোগাযোগ ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগতে পারে। ফলে এই রুটে উত্তরবঙ্গের সাথে দেশের বিভিন্ন রুটের ট্রেন চলাচলের শিডিউলে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা করা হচ্ছে।
সান্তাহার জংশন স্টেশনের ওয়েম্যান সোহেল বলেন,আগে থেকেই রেললাইন ভেঙে যাওয়ার কারণে এখানে কাজ হচ্ছিল। কন্ট্রোল রুমে সিগন্যাল দেওয়া আছে। তারপরও লাল পতাকা দেওয়া থাকে। সিগন্যাল ও লাল ব্যানার উপেক্ষা করে ট্রেনটি এসে দুর্ঘটনায় পড়ে। এমনকি হাতের সিগন্যালও মানেননি চালক।
তিনি দাবি করেন ট্রেনচালকের অবহেলার কারণে এতো বড় দুর্ঘটনা ঘটেছে।
খাদিজা খাতুন জানান,দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে সান্তাহার থেকে বগুড়া হয়ে রংপুরগামী মিটারগেজ লাইনটি সচল রয়েছে।
আই/এ