নদী থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদ থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ছুরিকাঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত তরিকুল ইসলাম ইমন (১৭) হোসেনপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঢেকিয়া মীরপাড়ার বাসিন্দা সোনা ব্যবসায়ী মাসুদ মীরের ছেলে। তিনি স্থানীয় বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকায়, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার খুরশিদ মহল সেতুর নিচে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ভৈরব নৌ পুলিশ। ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই সেতুর নিচে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে।
পরিবারের দাবি, সোমবার (১৬ মার্চ) রাত ১১টার পর থেকে ইমন নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে নদীতে ভাসমান একটি মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা সেটি ইমনের বলে শনাক্ত করেন।
মো. কামরুল হাসান বলেন, মরদেহের সুরতহালে গলা ও মাথার পেছনে গুরুতর আঘাতের চিহ্ন এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের আলামত পাওয়া গেছে। এতে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আই/এ