রাজধানী

সুযোগ পেলে প্রতিবন্ধীরাও সমাজে অবদান রাখতে সক্ষম : সৈয়দা মুনিরা ইসলাম

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম বলেছেন, সঠিক সহায়তা ও সুযোগ পেলে প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের মূলধারায় অবদান রাখতে সক্ষমসরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজে বিত্তবানদের ও অর্থশালীদের সহযোগিতা এসব মানুষের জীবন আরও সুন্দর ও সহজ করতে পারে। 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১টায় রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবার অঙ্গীকার নিয়ে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠান-২০২৬শীর্ষক অনুষ্ঠানটি আয়োজন করে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি

সৈয়দা মুনিরা ইসলাম বলেন,  ঈদের আগে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনি আনন্দিত। পৃথিবীর প্রত্যেকের আলাদা আলাদা গুণ আছে। এরা আসলে বিশেষ গুণসম্পন্ন শিশু। কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অভিভাবকরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকেন তার অনুপস্থিতি নিয়ে।  যখন তারা পৃথিবীতে থাকবে না, তখন এই সন্তানের কী হবে? এ জন্য রাষ্ট্রে এমন একটি কাঠামো গড়ে তোলা দরকার, যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ নিরাপদে বাস করতে পারবে। 

তিনি বলেন, দেশে প্রতিদিন জন্ম নিচ্ছে চারজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এসব শিশু সাধারণ শিশুদের চেয়ে ব্যতিক্রম, একেবারেই পৃথক তাদের শিখন কৌশল। ফলে তাদের চাহিদাটা বোঝা এবং আচরণের অস্বাভাবিকতাগুলো দূর করে সাধারণ শিশুদের সঙ্গে স্বাভাবিক মেলামেশার চেষ্টা করানোটা বিশাল চ্যালেঞ্জের। কিন্তু সেই ক্ষেত্রে অপরিহার্য হয়ে পড়ে, সামাজিক দলবদ্ধ সু-আচরণ ও সচেতনতা। মৌলিক চাহিদা গুলোর পাশাপাশি তাদের জন্য প্রয়োজন বিনোদন, খেলাধুলা, সংস্কৃতি, যাতায়াত প্রক্রিয়ার সুবিধাকরণ, পুনর্বাসন। কিন্তু সমাজের সচেতনতার অভাব থাকলে তারা সেই অধিকারগুলো থেকে বঞ্চিত হবে, যা আমাদের সমাজে প্রকট। 

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের মধ্যে হুইল চেয়ার, অটোরিকশা, চিকিৎসা সহায়তা এবং অর্থ সহায়তা প্রদান করা হয়।

আয়োজনে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি ইলিয়াস হোসেন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন আমাদের সাধারণ মানুষের মতো আচরণ করে না বলে আমরা মনে করি তারা স্বাভাবিক না। কিন্তু একটু অসুস্থতা, একটু প্রতিবন্ধকতার কারণে একজন মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা কোনো অবস্থাতেই স্বাভাবিক না। আমরা যদি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ যাদেরকে আমরা প্রতিবন্ধী বলেও চিনি, তাদের সঙ্গে যদি মানবিক না হই, তবে আমরাও তো সুস্থ চিন্তার স্বাভাবিক মানুষ না। 

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংক পিএলসি, পলমল গ্রুপ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিরা এবং বেনীবুননএর সত্ত্বাধিকারী  শাহেদুল ইসলাম হেলাল। 

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রাকিব, জেনারেল ম্যানেজার আবু সাদেক মোহাম্মদ আলীম, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্রধান কবির আহমেদ, অনলাইন ইনচার্জ আবু আজাদ, বায়ান্ন টিভির বার্তা সম্পাদক ও ইনচার্জ জয়নাল আবেদীনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা 

প্রসঙ্গত, ২০১৫ সালে যাত্রা শুরু করে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। ১০ বছরের পথচলায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সংগঠনটি নানামুখী কার্যক্রম চালিয়ে আসছে। এর মাধ্যমে সংগঠনটি সুবিধাবঞ্চিত মানুষের অধিকার সম্পর্কে সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা তৈরি ও মানবিক মূল্যবোধ গঠনে বিশেষভাবে কাজ করছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন