ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি
ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এ ধরনের অভিযোগ পেলে সরাসরি পুলিশকে জানাতে যাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ঈদকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের ঝুঁকি নেই। তবে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
তিনি জানান, মহাসড়কে যাতে অপ্রয়োজনীয়ভাবে যানবাহন থেমে না থাকে এবং যেখানে-সেখানে পার্কিং না হয়, সে বিষয়ে ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়েও যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
আলী হোসেন ফকির আরও বলেন, যত্রতত্র গাড়ি পার্কিং ও অনিয়ন্ত্রিতভাবে যাত্রী ওঠানামার কারণেই অনেক সময় যানজট তৈরি হয়।
সবার সচেতনতা বাড়লে ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এমএ//