জাতীয়

ভূমি বিষয়ে ১০০ জনের মধ্যে ১০০ জনের অভিযোগ আছে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন- ভূমি বিষয়ে ১০০ জনের মধ্যে ১০০ জনের কমপ্লিন (অভিযোগ) আছে। ওপেনলি (উন্মুক্ত) আমি কিছু বলতে চাইনা। তবে আমি জনগণের জন্য সততার সহিত কিছু করতে চাই এবং পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো। হিরা, সোনা ও রুপা মুল্যবান ধাতু। তবে আল্লাহর দান শ্রেষ্ট সম্পদ মাটি। যেখানে বীজ রোপন করা হলে সোনা ফলে।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২ টায়  নওগাঁর নিয়ামতপুর উপজেলার দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ামতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, নির্বাচনে জনগণ তাদের ভোট দিয়ে সেবা করার জন্য নির্বাচিত করেছে। জনগণকে চুষে খাওয়ার জন্য নয়। সারাদেশের নদীগুলোতে নাব্যতা ফিরিয়ে আনতে পুনঃখনন করা হবে। এছাড়া সারাদেশে সড়কগুলো সংস্কার করা হবে। ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। যার লাগবে কার্ড নিবেন, লাগবে না নিবেন না।

এর আগে বেলা ১১ টায় সরকারের নির্বাচনী ইসতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচীর আওতায় নিয়ামতপুর উপজেলার বেলগাপুর-জুলুপাড়া উপ-প্রকল্পের বেললতা খাল পুনঃখনন কাজ এর উদ্বোধন করেন তিনি। কাজটির বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁ।

এসময় তিনি  বলেন, খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে দেশকে শস্য শ্যামলা বাংলাদেশে পরিণত করেছিলেন। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। ধানের সর্বোচ্চ স্থান নওগাঁ। শহর গুলো বৃদ্ধি পাচ্ছে। আমাদের খাদ্যের যে চাহিদা তা আমাদেরকেই পূরণ করতে হবে।

এসময় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন