দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ দিনাজপুর সফরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এটিই তার প্রথম জেলা সফর।
সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় সাহাপাড়া খালের খনন কার্যক্রমের মাধ্যমে দেশের ৫৪টি জেলায় একযোগে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এ উপলক্ষে সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে সড়কপথে কর্মসূচির স্থান বলরামপুরে যাওয়ার কথা রয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ছয় মাসে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নদী, নালা ও খাল-বিল খননের কাজ সম্পন্ন করা হবে। পর্যায়ক্রমে পাঁচ বছরের মধ্যে সারা দেশে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে তিনটার দিকে দিনাজপুর উপশহর এলাকার ফরিদপুর কবরস্থানে গিয়ে নিজের নানা-নানি ও অন্যান্য নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর বিকেল পাঁচটায় শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে আয়োজিত দিনাজপুরের সুধী সমাবেশে অংশ নেবেন এবং সেখানে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবেন।
দিনাজপুরের কর্মসূচি শেষ করে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এসি//