এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস
উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা।
রোববার (১৫ মার্চ) তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ১১টা ১৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে। সেখানে পৌঁছাতে প্রায় চার ঘণ্টা সময় লাগবে।
সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে বলেও জানান মিজানুর রহমান সোহেল।
এর আগে একই দিন সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে। পরে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে বিমানবন্দরে নেওয়া হয় এবং সেখান থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়।
মির্জা আব্বাসের সঙ্গে সিঙ্গাপুরে গেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল।
উল্লেখ্য, গেল ১২ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে জটিলতার লক্ষণ ধরা পড়ে।
এরপর জরুরি ভিত্তিতে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তার অস্ত্রোপচার করা হয়। শুক্রবার তার মস্তিষ্কে দুই দফায় অপারেশন সম্পন্ন হয়।
এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে দেখে আসেন।
এমএ//