খেজুর খাইয়ে অচেতন করে টাকা পয়সা লুট
ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন কয়েকজন যাত্রী। কিন্তু পথিমধ্যে খেজুর খাইয়ে অজ্ঞান পার্টির সদস্যরা তাদের থেকে টাকা পয়সা লুট করে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শাহজামাল (৩৫), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর গ্রামের আতাউর রহমান (৪০) এবং জয়পুরহাট সদর উপজেলার কাইয়ুম (২৬)।
শনিবার (১৪ মার্চ) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মহাসড়কের পাশে অচেতন অবস্থায় চারজনকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়ামুখী মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি সেতুর কাছে কয়েকজন অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।
ভুক্তভোগীদের একজন পুলিশকে জানান, তারা যে ট্রাকে করে যাচ্ছিলেন সেটি টাঙ্গাইল এলাকায় পৌঁছালে ট্রাকে থাকা এক ব্যক্তি তাদের খেজুর খেতে দেয়। খেজুর খাওয়ার কিছুক্ষণ পরই তারা অস্বাভাবিকভাবে অচেতন হয়ে পড়েন।
পরবর্তীতে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে ভোরের দিকে মহাসড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সামিউল ইসলাম রনি বলেন, চারজনকে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধারণত এ ধরনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রোগীদের জ্ঞান ফিরে আসে। তাদের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে।
শারীরিক অবস্থার উন্নতি হলে আগামীকালের মধ্যেই তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন।
আই/এ