যাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত
দেশে যাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং শীর্ষ স্থানীয় কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম-ওলামাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে যাকাত ব্যবস্থাপনা বিষয়ে বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এ সময় দেশে যাকাত ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায়, সেই সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
যাকাত বোর্ডের পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন, আগামী দশ দিনের মধ্যে সেই নাম প্রস্তাব করবে ধর্ম মন্ত্রণালয়। যাকাত ব্যবস্থাপনা ও যাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে এই কমিটি শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে তাদের সুপারিশ পেশ করবে।
বৈঠকে উপস্থিত ছিলেন— ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
আই/এ