সিরাজগঞ্জে বিএনপি ও আওয়ামীলীগের সংঘর্ষ, নিহত ২
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল (গোয়ালপাড়া) গ্রামে সরকারি পুকুরের দখল নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন—গোয়ালপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৪৫) এবং একই এলাকার ময়দান আলীর ছেলে সালাম হোসেন (৫০)।
সোমবার (২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গ্রামের একটি সরকারি পুকুর কয়েক বছর আগে আসমত আলী নামে এক ব্যক্তি লিজ নেন। পরে তিনি পুকুরটি স্থানীয় মসজিদের উন্নয়ন কাজের জন্য ছেড়ে দেন। কিন্তু পুকুরের দখল ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধই ধীরে ধীরে রাজনৈতিকভাবে বিভক্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ায়।
আজ সকালে পুকুরের দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন ও সালাম হোসেন মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি মো. গোলাম কিবরিয়া জানান, পুকুর দখলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আই/এ