ইরান যুদ্ধের মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতিত্বে মেলানিয়া ট্রাম্প
মার্কিন-ইসরাইল যৌথ হামলার পর পাল্টা হামলা করছে ইরানও। এর জেরে মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে সোমবার (০২ মার্চ) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সভাপতিত্ব করবেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
মেলানিয়া ট্রাম্পের কার্যালয় এক বিবৃতিতে জানায়, এই আয়োজনের মাধ্যমে তিনি “জাতিসংঘে নতুন ইতিহাস” গড়তে যাচ্ছেন। বৈঠকে তিনি শিক্ষা কীভাবে সহনশীলতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—সে বিষয়টিকে গুরুত্ব দেবেন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজাররিক নিশ্চিত করেছেন, নিরাপত্তা পরিষদের কোনো বৈঠকে এই প্রথম কোনো মার্কিন ফার্স্ট লেডি সভাপতিত্ব করবেন। মার্চ মাসে যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমিক ভিত্তিতে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়া এর আগেও কূটনৈতিক উদ্যোগে যুক্ত ছিলেন। বিশেষ করে রাশিয়ার হাতে আটক ইউক্রেনীয় শিশুদের মুক্তির প্রচেষ্টায় তিনি ভূমিকা রাখেন বলে জানানো হয়েছে।
এদিকে সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটন ও জাতিসংঘের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েন বেড়েছে। বাজেটের বড় অংশীদার হওয়া সত্ত্বেও জাতিসংঘের কার্যকারিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন নিরাপত্তা পরিষদের বাইরে বিকল্প কূটনৈতিক প্ল্যাটফর্ম সক্রিয় করার দিকেও ঝুঁকছে। গত মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে গাজা পুনর্গঠনে কয়েকটি দেশ অর্থ ও জনবল সহায়তার প্রতিশ্রুতি দেয়।
হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর ট্রাম্প ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ কয়েকটি প্রধান জাতিসংঘ সংস্থার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করেছেন। এই প্রেক্ষাপটে আসন্ন নিরাপত্তা পরিষদের বৈঠককে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এসি//