আন্তর্জাতিক

আফগান-পাকিস্তান যুদ্ধ

প্রতিরক্ষার প্রশ্নে আপস নয়: শেহবাজ শরিফ

আফগান তালেবান বাহিনীর সঙ্গে সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কঠোর অবস্থান ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পৃথক বিবৃতিতে শেহবাজ শরিফ বলেন, দেশের প্রতিরক্ষা নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। যেকোনো আগ্রাসনের জবাব শক্ত ও উপযুক্তভাবে দেওয়া হবে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে জনগণ ও সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

নিরাপত্তা সূত্র জানায়, উসকানিমূলক হামলার পর পাকিস্তানি বাহিনী পাল্টা অভিযান চালিয়েছে। এসব অভিযানে জঙ্গিদের অবস্থান, গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট ও গোলাবারুদের ডিপো লক্ষ্যবস্তু করা হয়। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির–এর নেতৃত্বে সশস্ত্র বাহিনী জাতীয় দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। আধুনিক প্রশিক্ষণ ও কার্যকর কৌশলের মাধ্যমে তারা অভ্যন্তরীণ ও বহিরাগত হুমকি মোকাবিলায় সক্ষম বলেও তিনি উল্লেখ করেন। শান্তির পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করলেও তিনি বলেন, দেশের অখণ্ডতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না এবং জাতি সেনাবাহিনীর পাশে রয়েছে।

একই সুরে দেশটির প্রেসিডেন্ট জারদারি বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় আপস করবে না। কেউ শান্তির প্রচেষ্টাকে দুর্বলতা মনে করলে তাকে কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর সেখানে স্থিতিশীলতা আসবে বলে পাকিস্তান প্রত্যাশা করেছিল। তবে, তালেবান প্রশাসন আফগানিস্তানকে ‘ভারতের প্রক্সি’তে পরিণত করেছে এবং বৈশ্বিক জঙ্গিগোষ্ঠীর জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলেছে।

তিনি আরও বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের স্থিতিশীলতার পক্ষে কূটনৈতিক ও সরাসরি সহায়তা দিয়ে এসেছে। কয়েক দশক ধরে ৫০ লাখের বেশি আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। বর্তমানে লাখো আফগান নাগরিক পাকিস্তানে বসবাস ও কাজ করছেন।

আফগানিস্তান ধৈর্যের সীমা অতিক্রম করেছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এখন পাকিস্তানি বাহিনী দৃঢ় জবাব দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনো সমঝোতা হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার চেষ্টার নিন্দা জানিয়ে একে গুরুতর ভুল সিদ্ধান্ত বলে অভিহিত করেন। রাতের আঁধারে চালানো এই হামলাকে তিনি কাপুরুষোচিত আখ্যা দেন এবং বলেন, এর প্রতিক্রিয়ায় বাহিনী সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছে। দেশের নিরাপত্তা ও নিরীহ মানুষের বিরুদ্ধে যেকোনো হুমকির কঠোর জবাব দেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন