অপরাধ

রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: রক্তমাখা জামা-ছুরিসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায়  স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে (১৪) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামাও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত প্রায় সাড়ে ৯টার দিকে হাজারীবাগ থানার হায়দার হোটেলের গলিতে বিন্তিদের বাসার সামনে এ হত্যার ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত বিন্তি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। পরিবারের সঙ্গে তিনি হাজারীবাগের বাবু কমিশনারের বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতেন। বিন্তি রায়েরবাজার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং দুই ভাইবোনের মধ্যে বড়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিন্তি রাতে তার ছোট ভাই নাবিলকে সঙ্গে নিয়ে নিচে নামেন। কিছুক্ষণ পর বাসার নিচে হইচই শুনে স্বজনরা গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত প্রথমে তাকে শিকদার মেডিকেলে নেয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিন্তির মা নাদিয়া বেগম অভিযোগ করেন, সিয়াম নামে এক যুবক দীর্ঘদিন ধরে মোবাইলে তার মেয়েকে বিরক্ত করছিল। ঘটনার সময় স্থানীয়দের কাছে বিন্তি সিয়ামের নাম উল্লেখ করেছে বলেও তিনি দাবি করেন। তিনি মেয়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের কাঁধে ও পিঠে একাধিক জখম রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন