বিডিআর বিদ্রোহের ঘটনা আবার তদন্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিডিআর বিদ্রোহের ঘটনা আবার তদন্ত করা হবে। আরেকটা তদন্ত কমিশন গঠন হবে। বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যেও আছে যে, বিডিআরের ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুযায়ী কাজ সরকার কাজ করবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে, সেগুলো পুনরায় যাচাই-বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন, সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে যাতে কেউ মামলাবাজির শিকার হয়ে ভোগান্তিতে না পড়েন সেটি নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ৫ আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে, কিছু সুবিধাবাদী মানুষ মামলা করেছে। কিছুক্ষেত্রে নিরপরাধ ব্যক্তি, ব্যবসায়ী, সমাজের বিশিষ্টজন ও সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষদের নামে মামলা করা হয়েছে। মামলাগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সরকারকে প্রতিবেদন দেবে পুলিশ।
২০০৬ সালে বিএনপি সরকারের আমলে নিয়োগ পাওয়া এসআই ও সার্জেন্টরা চাকরি ফিরে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ২০০৬ সালে নিয়োগ পাওয়া প্রায় ৭৫০ জন এসআই ও সার্জেন্টের নিয়োগ বাতিল করা হয়েছিল।অন্তর্বর্তী সরকারের সময় তাঁদের চাকরি পুনর্বহালের কথা থাকলেও ফাইল আটকে ছিল। বিষয়টি পর্যালোচনা করে সারসংক্ষেপ আদালতে পাঠানো হবে এবং তাঁরা চাকরি ফিরে পাবেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যদি কোথাও ‘মব ভায়োলেন্স’ হয়ে থাকে, তাহলে সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। মহাসড়ক বন্ধ করে দাবি আদায় করা যাবে না। কারও কোনো বৈধ দাবি থাকলে বৈধ পথে আসতে হবে।
আই/এ