তাজুলকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ চিফ প্রসিকিউটর হিসেবে মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার স্বার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মো. আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তাজুল ইসলামের নিয়োগাদেশ বাতিল করা হয়েছে। এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল।
পুনর্গঠিত ট্রাইব্যুনালে গত দেড় বছর দায়িত্বে ছিলেন তাজুল ইসলাম। নির্বাচনের আগ পর্যন্ত তাঁর নেতৃত্বে প্রসিকিউশন ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়। বর্তমানে এসব মামলার বিচারকাজ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ চলমান রয়েছে। এর মধ্যে তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে।
ঘোষিত রায়ে দণ্ডপ্রাপ্ত ২৬ জনের তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডসহ দুটি মামলার রায় এখনো অপেক্ষমাণ। রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় আগামী ৪ মার্চ ঘোষণা করা হবে।
এদিকে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগ সংক্রান্ত মামলাগুলোর বিচারও ট্রাইব্যুনালে চলছে। এসব মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। পাশাপাশি আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী সাবেক এমপি ও মন্ত্রী বর্তমানে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন।