রাজনীতি

শপথ ইস্যুতে জরুরি বৈঠকে বসেছে ১১ দলীয় জোট

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কি না, তা নিয়ে সংসদ ভবনে বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এনসিপি জানিয়েছে, কিছুক্ষণের মধ্যে বসা এই বৈঠকে শপথ গ্রহণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে জামায়াতে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপি যদি সংবিধান সংশোধনী পরিষদের শপথ না নেয় তাহলে অভ্যুত্থানের পর যে সংস্কার আকাঙ্খা তা ব্যাহত হবে। আমরা জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তারা সংবিধান সংশোধনী পরিষদে শপথ না নিলে জামায়াতের কোনো এমপি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না। এখন পর্যন্ত এটাই আমাদের সিদ্ধান্ত।

আজ সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রেখেছিল। তবে বিএনপি সংসদ সদস্যদের শপথ গ্রহণ করলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়ে দিয়েছে।

শপথ গ্রহণের আগে কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও আমরা (বিএনপি) কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এছাড়া সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন