দেশজুড়ে

চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৫ নেতার বিরুদ্ধে ব্যবস্থা

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর পাঁচ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে দুই নেতার সব ধরনের দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং অপর তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা পৃথক পাঁচ চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেনবেলকুচি পৌর শাখার জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল এবং বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের হুমকি-ধমকি প্রদান এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারধরের ঘটনায় জড়িত ছিলেন। এসব অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের বিরুদ্ধে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

অন্যদিকে, হিন্দু সম্প্রদায়ের কয়েকটি দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে তিন নেতাকে শোকজ করা হয়েছে। তারা হলেনজেলা শহরের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ, জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মনা পাল এবং সদর থানা সড়কের বিএনপি নেতা আরজু আহমেদ।

সংশ্লিষ্ট নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কেন তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে নাসে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে এসব সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন