দেশজুড়ে

সুন্দরবনের জেলেপল্লীতে বনদস্যুদের হানা, ৬ জেলেকে অপহরণ

ছবি: সংগৃহীত

পূর্ব সুন্দরবনের শেলারচর জেলেপল্লীতে গভীর রাতে হানা দিয়ে ছয় জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করেছে বনদস্যুরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার মিল্টন রায়। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে করিম-শরীফ বাহিনীর সদস্যরা শেলারচরের জেলেপল্লীতে ঢুকে অস্ত্রের মুখে ছয় জেলেকে তুলে নিয়ে যায়।

অপহৃতরা হলেন—খাইরুল (৩৫), ফারুক (২৮), সামসুল ইসলাম (২৫), সফরুল (৩২), মারুফ (২৮) ও মিলন (৩০)। তাদের বাড়ি কয়রা, রামপাল ও মোরেলগঞ্জ এলাকায়।

রেঞ্জার মিল্টন রায় আরও জানান, এর আগের রাতে দুবলার লইট্রাখালী এলাকায় জেলেদের একটি ট্রলারও দস্যুরা ছিনিয়ে নেয়।

শেলারচরের মৎস্য ব্যবসায়ী আরিফুল হক মিঠু বলেন, আগে নদীতে মাছ ধরার সময় বনদস্যুরা মুক্তিপণের জন্য জেলেদের অপহরণ করত। এখন তারা বনরক্ষীদের টহল ফাঁড়ির পাশের জেলেপল্লীতেই হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছে। এতে জেলেদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বনদস্যু দমনে অবিলম্বে সুন্দরবনে আগের মতো র‌্যাবের বিশেষ অভিযান চালানোর দাবি জানান তিনি।

 

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম অপহরণের ঘটনা নিশ্চিত করে বলেন, শেলারচরে অবস্থানরত জেলেদের নিরাপত্তা জোরদারে টহল কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন