জাতীয়

চার দাবিতে বন্ধ চট্টগ্রাম বন্দর

ছবি: সংগৃহীত ফাইল ছবি

চার দফা দাবিতে আবারও কর্মসূচিতে নেমেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। মাঝে দুই দিনের বিরতির পর রোববার (০৮ ফেব্রুয়ারি) থেকে লাগাতার ধর্মঘট শুরু হওয়ায় বন্দরের কার্যক্রম অচলাবস্থার মুখে পড়েছে। বহির্নোঙর এলাকাতেও কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে, ফলে সার্বিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারী নেতারা জানান, এবারের ধর্মঘটে বন্দরের ভেতর ও বাইরে সব ধরনের কার্যক্রমের পাশাপাশি বহির্নোঙরেও কাজ বন্ধ থাকবে। তাদের অভিযোগ, সংকট নিরসনে উদ্যোগ না নিয়ে সরকার হুমকি, ধমকি ও হয়রানিমূলক পদক্ষেপ নিচ্ছে। এ পরিস্থিতিতে ধর্মঘটে যাওয়া ছাড়া বিকল্প ছিল না বলে দাবি তাদের।

এর আগে ৩১ জানুয়ারি থেকে ছয় দিন কর্মবিরতি পালন করেন শ্রমিক-কর্মচারীরা। পরবর্তীতে শুক্র ও শনিবার কর্মসূচি স্থগিত রাখা হয়। তবে ১৫ কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পর আবারও আন্দোলনে ফেরেন তারা।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে— এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ না নেওয়া।

সংগ্রাম পরিষদের নেতারা বলেন, আন্দোলনের শুরুর দিকে বহির্নোঙর এলাকার কার্যক্রম কর্মবিরতির আওতায় ছিল না। তবে রোববার থেকে শুরু হওয়া লাগাতার ধর্মঘটে সেখানেও কোনো কাজ হবে না। ফলে বন্দরজুড়ে অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন