অন্যান্য

‘হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?’

জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান বিন হাদি হত্যার তদন্ত এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গতকাল শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রার সময় পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান এবং টিয়ারগ্যাস ব্যবহার করে। এ ঘটনায় অন্তত ৩১ জন আহত হন, যার মধ্যে রয়েছেন ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর সাধারণ সম্পাদক।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ভিডিওতে দেখা যাচ্ছে— ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো। যেমনটি করে একজন পুলিশ কর্মকর্তা কয়েকমাস আগে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু, হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?

মিজানুর রহমান আজহারী লিখেন, বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। যে কোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরও বেশী সংযত, পেশাদার এবং মানবিক আচরণ করবেন সে প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের এমন মারমুখী আচরণ ও অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানাই।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন