পাকিস্তানের উচিত বাংলাদেশের পাশে দাঁড়ানো: শেহবাজ শরিফ
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে না নামার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দীর্ঘ ও সতর্ক আলোচনা-পর্যালোচনার পরই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (০৪ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার মাঠে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। ভারত ম্যাচ না খেলার ব্যাপারে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত ‘যথাযথ’।
তিনি বলেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা পরিষ্কার অবস্থান নিয়েছি, ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। সম্মিলিত ও গভীর আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ভারতের বাইরে ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধ জানালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা প্রত্যাখ্যান করে।
পরবর্তীতে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। আইসিসির পক্ষ থেকে বলা হয়, ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়।
এর প্রতিবাদ ও সংহতি প্রকাশের অংশ হিসেবে আগামী ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। যদিও তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে আইসিসি।
এমএ//