দেশজুড়ে

ভোট চাওয়ার নাম করে বাড়িতে ঢুকে ডাকাতি

ঝিনাইদহ সদরের বাড়িবাথান গ্রামে ভোটের প্রচারের নামে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাতরা আলমারি ভেঙে তিন ভরি সোনার গয়না ও নগদ তিন লাখ টাকা নিয়ে যায়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী মো. রওশন আলী মা আছিয়া বেগম বলেন, ‘সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাস্তার পাশে বাড়ির দরজায় কয়েকজন লোক টোকা দিতে থাকে। কারা জিজ্ঞাসা করলে তারা বলে, ভোট চাইতে এসেছে

তখন তিনি বলেন বাড়িতে কোনও পুরুষ মানুষ নেই। ডাকাতরা বলে, শুধু মার্কা দেখিয়েই চলে যাবো। তখন ৬ ও ৪ বছর বয়সী দুই নাতিকে নিয়ে তিনি দরজা খুলে দেনএসময় ডাকাতরা জোর করে বাড়ির মধ্যে প্রবেশ করে তার দুই নাতির মাথায় অস্ত্র ধরে। তাদের মুখে টেপ মেরে ধরে রাখে। তার ঘাড়ে ধারালো দা ধরে রাখে। মুখে টেপ মারার চেষ্টা করে। এ সময় তার পুত্রবধূ এগিয়ে এলে তার ঘাড়েও আঘাত করে।

তিনি আরও বলেন, ডাকাতরা একটি মোটরসাইকেলে করে এসেছিল। তাদের দুজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

রওশন আলী জানান, স্থানীয় বানিয়াকান্দর জামতলা বাজারে রওশন ট্রেডার্স নামে তার একটি সার ও কীটনাশকের দোকান রয়েছে। ঘটনার সময় তিনি দোকানেই ছিলেন। তখন বাড়িতে কোনও বয়স্ক পুরুষ মানুষ ছিলেন না।

ওসি মো. সামসুল আরেফিন জানান, ঘটনা শোনার পরই ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী প্রচারণার নামে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন