পিকআপে ট্রেনের ধাক্কা, দুই ভাইসহ নিহত ৩
ফরিদপুরের বোয়ালমারীতে রেলক্রসিংয়ে শ্রমিকবাহী পিকআপে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
সোমবার (১২ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলার সোতাশী রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম রকিবুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেন সোতাশী রেলগেট পার হওয়ার সময় জনতা জুট মিলের শ্রমিকবাহী পিকআপকে ধাক্কা দেয়। এসময় পিকআপটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে পড়ে যায়।
এ ঘটনায় আহত শ্রমিকদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সাবরিনা হক জানান, দুর্ঘটনার পর হতাহতদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজন আগেই মারা যান। গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জনকে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন– স্থানীয় ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্লার দুই ছেলে জব্বার মোল্লা ও মুসা মোল্লা; একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম।
আই/এ