দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী
পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন—এই তিন ধাপে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও জনগণের মধ্যে আশার জায়গা তৈরি করা সম্ভব হয়েছে। তবে ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও বেশি হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তার মতে, জনগণ এখন দেশের আগামী দিনের পরিকল্পনা ও সম্ভাবনা নিয়ে কথা শুনতে চায়।
এবারের বাজেটকে জীবনবান্ধব বাজেট উল্লেখ করে সরকারপ্রধান বলেন, পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আনাই ছিল সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর ফলে অন্যান্য বছরের মতো বাজেটের আগে বা পরে নিত্যপণ্যের বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়নি।
তিনি বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতার কারণেই সরকার সংসদে এসে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছে। তবে আগের সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বিপুল পরিমাণ বিদেশি ঋণের বোঝা তৈরি হয়েছে, যার ভার জনগণকে দীর্ঘদিন বহন করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, বরং দেশের অর্থনীতির একটি শক্ত ভিত তৈরি করার পরিকল্পনা। ন্যায়ভিত্তিক, মানবিক ও সবার অংশগ্রহণমূলক অর্থনীতি গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার চাপ কমানো এবং অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিনিয়োগ বাড়ানো, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির মাধ্যমে অর্থনীতির গতি বাড়াতে চায় সরকার। সম্পদের সীমাবদ্ধতা থাকায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম নেওয়া হয়েছে। উন্নয়ন বাজেট ৫০ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করা হবে। ঋণনির্ভর নয়, উৎপাদন ও বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তুলতে কাজ করবে সরকার। এমন একটি দেশ তৈরি করতে চান, যেখানে তরুণরা নিজেরাই নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।
এসি//